আজ ,

হাম উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ১২, ২০২৬, ০২:১৫ অপরাহ্ণ
হাম উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। জেলার এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটির মৃত্যু হয়।

এ নিয়ে পুরো সিলেট বিভাগে এই রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩০ জনে।

বুধবার (১২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

নিহত শিশুরা হলো—রাইসা ও আয়াত, যাদের বয়স ৬ মাসের নিচে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৮৬ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৯ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় আরো ২৫ জনের শরীরে নতুন করে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আজ ১২ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ৯০১ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। বিভাগজুড়ে মারা যাওয়া ১৩০ জন শিশুর মধ্যে ৬ জনের মৃত্যুর কারণ ল্যাব পরীক্ষায় ‘নিশ্চিত হাম’ হিসেবে ধরা পড়েছে এবং বাকিদের ক্ষেত্রে হামের তীব্র উপসর্গ ছিল বলে ধারণা করা হচ্ছে।