এত দিন এসএসসি-এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা পরীক্ষার খাতা শুধু পুনঃনিরীক্ষার সুযোগ পেত। এতে শুধু উত্তরপত্রের নম্বর গণনা করা হতো।
তবে এবার তাতে পরিবর্তন আসছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি জানিযেছেন, এবার থেকে শিক্ষার্থীরা খাতা শুধু পুনঃনিরীক্ষা নয়, পুনর্মূল্যায়নের সুযোগ পাবে।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান।
তিনি বলেন, অনেক সময় খাতা ভুল করে ফেলে।
আমাদের বোর্ডের ১৯৮৮ সালের আইন অনুযায়ী খাতা পরিদর্শনের, রি-চেক করানোর কোন পুনর্ব্যবস্থা ছিল না। বর্তমানে আমরা এই ১৯৮৮ সালের পাবলিক পরীক্ষায অ্যাক্ট সংশোধন করেছি।
এবং যে সমস্ত ছাত্র-ছাত্রীরা তাদের খাতা পুনঃপরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনঃপরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থান নেওয়া হবে।
পুনঃনিরীক্ষণে খাতা কি আবার মূল্যায়ন হবে- প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, এক্স্যাক্টলি। আবার রিভিউ করা হবে ইন ফ্রন্ট অব অ্যা কমিটি। যদি কেউ কাউকে ভুল বানানের মার্কিং করে থাকে বা যেখানে যা পাওয়ার উপযুক্ততা রয়েছে সেটা যদি না দিয়ে থাকে, দেয়ার উইল বি রিভিউ কমিটি। রিভিউ কমিটির সামনে সে খাতা পুনঃপরীক্ষা করা হবে। এক্স্যাক্টলি প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর যা প্রাপ্য, তা তাকে দিতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু এক বিজ্ঞপ্তিতে জানান, আগামী ১১ থেকে আগামী ১৭ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। এজন্য https://rescrutiny.eduboardresults.gov.bd -এ গিয়ে নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। অতঃপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে এসএমএস পাঠানো হবে। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয় ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য বিষয়সমূহ নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের আবেদন করতে হবে। পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফি-এর পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, সোনালী সেবা-এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে।
ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে। তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
এছাড়া ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর জন্য এখনও ফি প্রদান করা হয়নি) প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোন অবস্থাতেই ফি ফেরত দেয়া হবে না।
ম্যানুয়াল কোন আবেদন গ্রহণ করা হবে না।