ফল প্রকাশের মাত্র একদিন আগে না ফেরার দেশে চলে গেল হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী কাজী রেজা (১৬)।
রোববার (৯ আগস্ট) শ্বাসকষ্টজনিত সমস্যায় হঠাৎ তার মৃত্যু হয়।
কাজী রেজা বাহুবলে ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজী বাড়ির বাসিন্দা। সে বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব কাজী আলফু মিয়ার একমাত্র ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানায়, রোববার দুপুরে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয় কাজী রেজা। পরে তার মৃত্যু হয়।
তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে।
পরীক্ষার ফল হাতে পাওয়ার অপেক্ষায় ছিল রেজা ও তার পরিবার। কিন্তু ফল প্রকাশের একদিন আগেই তার অকাল মৃত্যুতে সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে শোকে।
একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত বাবা-মা ও স্বজনেরা। প্রিয় সহপাঠীকে হারিয়ে কষ্টে ভেঙে পড়েছে তার সহপাঠীরাও।
স্থানীয়দের মধ্যেও তার মৃত্যু নিয়ে গভীর শোকের সৃষ্টি হয়েছে। রেজার জানাজার নামাজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়ি চক্রামপুরে অনুষ্ঠিত হয়েছে।