সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে সিলেট বিভাগে মোট ১১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ১০৭ জন এবং নিশ্চিত হামে ৬ জনের মৃত্যু হয়েছে।
শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, সিলেটের প্রকাশিত হাম ও রুবেলা পরিস্থিতি প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি জানান, মৃত দুই শিশুর মধ্যে একজন হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকার ১০ মাস বয়সী মুসা। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। অপর শিশুটি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার ১৫ মাস বয়সী রাইসা আক্তার। সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যায়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬৬২ জন। এরমধ্যে সিলেট জেলায় ২২০ জন, হবিগঞ্জে ৬২ (এর মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ৪৮ জন এবং সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৩২ জন।
গত ২৪ ঘণ্টায় ১৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৭৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৮ জন, ওসমানী মেডিকেল হাসপাতালে ২১, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন ভর্তি হন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮৬ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৫ জন, ওসমানী মেডিকেল হাসপাতালে ৯২, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১২ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৮, লায়ন্স হাসপাতালে ১ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৯, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসা নিচ্ছেন।