আজ ,

লেবু বাগানের আড়ালে অবৈধ বালু সিন্ডিকেট

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
লেবু বাগানের আড়ালে অবৈধ বালু সিন্ডিকেট

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় লেবু বাগানের আড়ালে গড়ে ওঠা অবৈধ বালু সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন।

শনিবার (১ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার রাধানগর, ভুরভুরিয়া ছড়া ও সাইটুলা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন।

​উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম যৌথভাবে এ অভিযানে নেতৃত্ব দেন। আইনশৃঙ্খলা রক্ষায় শ্রীমঙ্গল থানা পুলিশ সদস্যগণ দায়িত্ব পালন করেন।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাইটুলা এলাকার এক লেবু বাগানের গেইট বন্ধ করে কৌশলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিলেন শহরের জালালিয়া রোডের বাসিন্দা মৃত হাজি ইছরাইল মিয়ার ছেলে মো. হেকিম মিয়া (৫৫)। অনুসন্ধানে প্রাপ্ত খবরের সত্যতা যাচাইয়ে সাইটুলা এলাকার হেকিম মিয়ার লেবু বাগানে অভিযান চালানো হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িতরা পালিয়ে যায়। ফলে মোবাইল কোর্ট আইন-২০০৯ অনুযায়ী তাৎক্ষণিকভাবে কাউকে দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।

​পরবর্তীতে জনস্বার্থে এবং অপরাধের পুনরাবৃত্তি রোধে হেকিম মিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকা তল্লাশি করে প্রায় ৩০০ ঘনফুট সদ্য উত্তোলিত বালুভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড; ১২-৭১৮২) এবং বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করা হয়।

​এ ঘটনায় মূল অপরাধীদের গ্রেফতার ও সর্বোচ্চ আইনানুগ শাস্তির লক্ষ্যে হেকিম মিয়াকে প্রধান আসামি করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নং-৩, জিআর নং-২০২৬, তারিখ: ০১ আগস্ট ২০২৬)।
​একই দিনে অপর দুটি পৃথক অভিযানে রাধানগর ও ভুরভুরিয়া ছড়া এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে ছড়াসমূহ পরিদর্শন করা হয়। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরণের অপরাধ প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানায় প্রশাসন।

​শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(ইউএনও) মো. জিয়াউর রহমান জানান, লেবু বাগানের আড়ালে পরিবেশ ধ্বংসকারী এই চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনতে মামলা করা হয়েছে। জনস্বার্থে এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।