সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মী আব্দুল আজিজ মাসুক ফ্রান্স সফর উপলক্ষে সেচ্ছাসেবী সংগঠন বালাগঞ্জের গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের উদ্যোগে সংবর্ধনা ও সম্মাননা স্মারকে ভূষিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় রাত ৯টায় ফ্রান্সের রাজধানী প্যারিসের ক্যাথসোমা ইষ্টিকুটুম রেস্টুরেন্টে তাঁর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ফখর উদ্দীন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন হাফিজ নাছির আহমদ। সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি সুয়েব আহমদ তালুকদার, সহ-সভাপতি অয়েছ আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান বুলবুল, খালেদ আহমেদ, গোলজার খান, সমাজকল্যাণ সম্পাদক আলি আমজাদ, মাওলানা নজরুল ইসলাম, মামুনুর রশীদ, মাযহারুল ইসলাম, রাশিদুল ইসলাম রাফি সহ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমাজসেবক আব্দুল আজিজ মাসুক দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, মানবকল্যাণ এবং সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর জনকল্যাণমূলক কর্মকাণ্ড দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বৃহত্তর গহরপুরের সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
এ সময় বক্তারা আব্দুল আজিজ মাসুকের সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও মানবকল্যাণে তাঁর এই মহৎ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের একপর্যায়ে গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি আব্দুল আজিজ মাসুকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তিনি এ সম্মাননার জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রবাসীদের ঐক্য, শিক্ষা ও মানবসেবামূলক কর্মকাণ্ডে ভবিষ্যতেও নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।