রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন করেছে সিলেটে পুলিশ নারী কল্যাণ সমিতি।
শনিবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স হলরুমে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি, সিলেট’র উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্রী জনাব সিদরাতুল মুনতাহা।
তিনি তাঁর বক্তব্যে শিশুদের মানসিক ও নৈতিক বিকাশে সুস্থ সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে সাহিত্য-সংস্কৃতিমনা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ছোট ছোট শিশুরা অত্যন্ত উৎসাহ ও স্বতঃস্ফূর্ততার সঙ্গে অংশগ্রহণ করে। কবিতা আবৃত্তি, গান, ছড়া ও নৃত্য পরিবেশনার মাধ্যমে তারা অনুষ্ঠানকে প্রাণবন্ত ও আনন্দঘন করে তোলে। উপস্থিত অতিথিবৃন্দ শিশুদের পরিবেশনা উপভোগ করেন এবং তাদের উৎসাহিত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুনাক, এসএমপি, সিলেট-এর সাংস্কৃতিক সম্পাদিকা জনাব পূজা দাশ রায়, পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন পুলিশ কর্মকর্তা ও ফোর্সের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।