আজ ,

মেসির পেনাল্টি শট রুখে দেওয়া কে এই মোস্তফা শোবের?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত জুলাই ৭, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
মেসির পেনাল্টি শট রুখে দেওয়া কে এই মোস্তফা শোবের?

২০২৬ বিশ্বকাপের শেষ ১৬ এর ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনার তারকাখচিত আক্রমণভাগের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। খোদ লিওনেল মেসির পেনাল্টি নিখুঁত টাইমিংয়ে ঠেকিয়ে দিয়ে ফুটবল বিশ্বের স্পটলাইট এখন তার ওপর।

কে তিনি?
তিনি আর কেউ নন; মিসরের ২৬ বছর বয়সী গোলকিপার মোস্তফা শোবের। আলবিসেলেস্তেদের একের পর এক নিশ্চিত গোল রুখে দিয়ে চলতি বিশ্বকাপের অন্যতম বড় আবিষ্কার হিসেবে নিজেকে চেনালেন আফ্রিকান এই গোলরক্ষক।

২০০০ সালের ১৭ মার্চ মিসরের গিজায় জন্ম নেওয়া মোস্তফা শোবেরের ফুটবলার হয়ে ওঠা কোনো কাকতালীয় ঘটনা নয়। তার রক্তেই রয়েছে গোলকিপিংয়ের জাদুকরী ডিএনএ।

মোস্তফা হলেন মিসরীয় ফুটবলের কিংবদন্তি গোলরক্ষক আহমেদ শোবেরের যোগ্য উত্তরসূরি।
তার বাবা আহমেদ শোবের ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে মিসর জাতীয় দলের এক নম্বর গোলরক্ষক ছিলেন এবং দেশ ও ক্লাবের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার গড়েছিলেন।

ফলে শৈশব থেকেই মোস্তফাকে বয়ে বেড়াতে হয়েছে এক বিশাল ও ঐতিহাসিক পারিবারিক পদবির চাপ।
আফ্রিকার অন্যতম সফল ও পরাশক্তি ক্লাব ‘আল আহলি’র একাডেমি থেকে মোস্তফা শোবেরের ফুটবলের হাতেখড়ি। তবে ক্লাবের মূল দলে জায়গা পাওয়া তার জন্য সহজ ছিল না। মিসর জাতীয় দল ও আল আহলির এক নম্বর গোলকিপার মোহামেদ এল শেনাওয়ির ব্যাক-আপ হিসেবে বছরের পর বছর সাইডবেঞ্চে অপেক্ষা করতে হয়েছে তাকে। তবে যখনই সুযোগ পেয়েছেন, নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

বিশেষ করে কাফ (সিএএফ) চ্যাম্পিয়ন্স লিগের মতো হাই-প্রেশার ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে আল আহলি সমর্থকদের মন জয় করেন তিনি। সমর্থকরা তাঁকে এল শেনাওয়ির যোগ্য উত্তরসূরি হিসেবে মেনে নিতে বাধ্য হন।

২৬ বছর বয়সী এই গোলকিপারের মূল শক্তি হলো তার অবিশ্বাস্য রিফ্লেক্স এবং ক্লোজ-রেঞ্জ বা খুব কাছ থেকে নেওয়া শট ঠেকানোর দারুণ ক্ষমতা। চাপের মুখেও মাথা ঠান্ডা রেখে গোলপোস্ট সামলাতে পারেন তিনি।

তবে ফুটবল বিশ্লেষকদের মতে, পায়ের কাজে এখনও কিছুটা উন্নতির জায়গা রয়েছে তার, পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতাও আরও বাড়াতে হবে।

ক্যারিয়ারের শুরু থেকেই বাবার নামের সঙ্গে তুলনা এবং স্বজনপ্রীতির মতো বিতর্ক তাড়া করে বেড়িয়েছে মোস্তফাকে। আল আহলির মূল দলে তার জায়গা পাওয়া নিয়েও হয়েছে অনেক বিতর্ক।

তবে ২০২৬ বিশ্বকাপের এই মঞ্চ এবং আর্জেন্টিনার বিপক্ষে এই অতিমানবীয় পারফরম্যান্স তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিল। লিওনেল মেসির পেনাল্টি রুখে দিয়ে মোস্তফা শোবের বিশ্বকে বুঝিয়ে দিলেন; তিনি কেবল কোনো ‘কিংবদন্তির ছেলে’ নন, বরং নিজের যোগ্যতায় ইতিহাস লিখতে আসা এক স্বনামধন্য গোলকিপার।