সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক বিশেষ অভিযানে নগরীর কাষ্টঘর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ মো. সেলিম আহমদ (৪৫) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) রাত প্রায় ৮টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানে আসামির হেফাজত থেকে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১ লক্ষ ৮৬ হাজার ২০৬ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সেলিম আহমদ সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর গ্রামের মৃত শাহজাহান বাদশার ছেলে। তিনি বর্তমানে নগরীর কাষ্টঘর সুইপার কলোনির নতুন বিল্ডিং-এ বসবাস করে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
এসএমপি সূত্র জানায়, মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম-এর সার্বিক দিক-নির্দেশনায় মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার একটি আভিযানিক দল কাষ্টঘর এলাকায় হানা দিয়ে ইয়াবার এই বিশাল চালানসহ সেলিমকে হাতেনাতে আটক করে।
এসএমপির এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালী মডেল থানায় একটি মামলা (মামলা নং-৪২) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আজ রোববার (২৮ জুন) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।