আজ ,

বিশ্বকাপে পেনাল্টি মিসের নতুন রেকর্ড গড়লেন মেসি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত জুলাই ৭, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
বিশ্বকাপে পেনাল্টি মিসের নতুন রেকর্ড গড়লেন মেসি!

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তিনি, কিন্তু পেনাল্টি স্পটের ১২ গজ দূরত্বের স্নায়ুযুদ্ধে লিওনেল মেসির এই পরিসংখ্যান আসলেই অবিশ্বাস্য এবং বড্ড বেমানান!

চলতি ২০২৬ বিশ্বকাপের শেষ ১৬-র ম্যাচে মিসরের বিপক্ষে পেনাল্টি মিস করে এক অনাকাঙ্ক্ষিত ইতিহাসের জন্ম দিলেন আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপের মঞ্চে এ নিয়ে মোট ৮টি পেনাল্টি নিলেন মেসি, যার মধ্যে ৪টিই গোল করতে ব্যর্থ হয়েছেন তিনি।

অর্থাৎ, বিশ্বমঞ্চে নেওয়া তার স্পট কিকের অর্ধেকই জালে জড়াতে পারেনি।
চলতি বিশ্বকাপে এটি মেসির দ্বিতীয় পেনাল্টি মিস।

এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষেও স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন তিনি। এর মাধ্যমে (টাইব্রেকার বাদে) বিশ্বকাপের ইতিহাসে একই আসরে দুটি পেনাল্টি মিস করা প্রথম খেলোয়াড় হিসেবে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়লেন এলএমটেন।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই কিছুটা এলোমেলো ফুটবল খেলে আর্জেন্টিনা। প্রথমার্ধের প্রথম ১০ মিনিটে মাঝমাঠে একাধিক ভুল পাস এবং বল হারানোর খেসারত দিতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

ম্যাচের ১৫ মিনিটে শর্ট কর্নার থেকে দারুণ এক আক্রমণ সাজায় মিসর। বল পেয়ে চমৎকারভাবে বক্সে ক্রস বাড়ান মারওয়ান আত্তিয়া। সেখানে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে বাতাসে পরাস্ত করে নিখুঁত টাইমিংয়ে লাফিয়ে ওঠেন ইয়াসের ইব্রাহিম। তাঁর বুলেট গতির এক হেডে বল জড়িয়ে যায় দূরের পোস্টে। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেসের কেবল চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। ১-০ গোলে পিছিয়ে পড়ে আলবিসেলেস্তেরা।

এরপর ম্যাচে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ আসে আর্জেন্টিনার সামনে। মিসরের হাইসেম হাসান বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে বক্সের ভেতর ফাউল করে বসেন আর্জেন্টাইন খেলোয়াড়কে। রেফারি ফ্রঁসোয়া ল্যতেক্সিয়ে পেনাল্টির নির্দেশ দিতে একদমই দেরি করেননি।

ডান দিকের নিচু কোণ ঘেঁষে নেওয়া মেসির শটটি দুর্দান্ত দক্ষতায় রুখে দেন মিসরীয় গোলকিপার মোস্তফা শোবের। মেসির মনের কথা যেন আগেই পড়ে ফেলেছিলেন শোবের; নিখুঁত টাইমিংয়ে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দেন নিশ্চিত গোল। শোবেরের এই অতিমানবীয় সেভে হতাশায় পোড়ে আর্জেন্টিনা, আর উল্লাসে মাতে মিসর শিবির।