সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল অ্যান্ড কলেজে প্রয়াত সমাজকর্মী ও অস্ট্রেলিয়া প্রবাসী শাহ আকিবুন নূর চৌধুরীর স্মরণে স্মৃতি বৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পাঁচজন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।
প্রয়াত শাহ আকিবুন নূর চৌধুরীর পরিবারের উদ্যোগে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও এ বৃত্তি প্রদান করা হয়।
প্রয়াত শাহ আকিবুন নূর চৌধুরী ছিলেন একজন সমাজসেবক ও অস্ট্রেলিয়া প্রবাসী।
তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট আইনজীবী, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষক এবং যুক্তরাজ্য কমিউনিটি নেতা শাহনূর চৌধুরীর ভাই।
দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক জাকারিয়া টিপুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রয়াত শাহ আকিবুন নূর চৌধুরীর পরিবারের সদস্য বিজয় চৌধুরী ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাসন্তী চক্রবর্তী।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রয়াত শাহ আকিবুন নূর চৌধুরীর স্মৃতিকে ধরে রাখতে তাঁর পরিবারের এ মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এবারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— সপ্তম শ্রেণির নাজিম উদ্দিন ও মারুফা আক্তার, অষ্টম শ্রেণির আফসানা জান্নাত, নবম শ্রেণির আনিকা বেগম এবং দশম শ্রেণির মো. রনি মিয়া।