আজ ,

শাবিতে শুরুর দিন ১৯৫ শিক্ষার্থী নিলেন ফাইজার টিকা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২১, ১০:২০ অপরাহ্ণ
শাবিতে শুরুর দিন ১৯৫ শিক্ষার্থী নিলেন ফাইজার টিকা

ফাইজার টিকা গ্রহণ করছেন শাবি শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো ফাইজার টিকা দেয়া কার্যক্রম শুরু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কর্তৃপক্ষ।

শনিবার প্রথমদিন স্নাতকোত্তর ও স্নাতক শেষ বর্ষের ১৯৫ জন শিক্ষার্থীকে ফাইজার টিকা প্রদান করা হয়েছে। রবিবার স্নাতক তৃতীয় শিক্ষার্থীকে এ টিকা প্রদান করা হবে।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আগামী ২৫ অক্টোবর হল খুলে দেয়া হবে। আমরা অন্তত একটি টিকা নিশ্চিত করে শিক্ষার্থীদেকে হলে উঠাতে চাই।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন বিদেশে পড়াশোনা করতে গিয়ে সমস্যায় না পড়ে সেজন্য আমরা ফাইজারের টিকা দিচ্ছি।

তিনি আরো বলেন, বর্তমানে করোনার সংক্রমণ হার কমে গেছে মানে করোনা শেষ হয়ে যায়নি। তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। মাস্ক পরিধান করতে হবে। এসময় টিকা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সিলেটের চীফ হেল্থ অফিসার ডা. মো. জাহিদুল ইসলাম, সিলেটের টিকাদান কর্মসূচির পরিচালক হিমাংশু লাল রায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান উপাচার্য।