সিলেটে কর্মরত এক ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে ধর্মীয় বিষয়ে আপত্তিকর পোস্ট ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হেয়প্রতিপন্ন করা এবং বাহিনী ও পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অসৎ উদ্দেশ্যে একটি কুচক্রী মহল এই অপতৎপরতা চালিয়েছে বলে দাবি ওই কর্মকর্তার।
এ ঘটনায় তিনি নিজেই গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা বিশ্বজিৎ রায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পূর্বপাড়ার বাসিন্দা এবং বর্তমানে গোয়াইনঘাটের জাফলং ট্যুরিস্ট পুলিশ জোনে দায়িত্ব পালন করছেন।
গত সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে পরিচিত এক সাংবাদিকের মাধ্যমে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টটির বিষয়ে জানতে পারেন বিশ্বজিৎ রায়। ওই আইডি থেকে পবিত্র কোরআন, ইসলাম ধর্ম, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হজরত ফাতেমা (রা.) সম্পর্কে আপত্তিকর এবং বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ করা হয়।
বিশ্বজিৎ রায় জানান, তার আসল ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের ছবি ও নাম হুবহু নকল করে এই আইডিটি তৈরি করা হয়েছে। তবে এসব পোস্টের সঙ্গে তার দূরতম কোনো সম্পৃক্ততা নেই। নকল আইডিটিতে বিভিন্ন ধরনের বানান ভুলও লক্ষ্য করা গেছে।
ঘটনার পরপরই বিষয়টি জাফলং ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ তপন তালুকদারকে অবহিত করা হয় এবং পরবর্তীতে গোয়াইনঘাট থানায় জিডি করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। ভুয়া অ্যাকাউন্টটির পেছনে কারা সক্রিয় রয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।