আজ ,

সাদিক কায়িমের সাথে ‘খেলবেন’ পাটওয়ারি!

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ণ
সাদিক কায়িমের সাথে ‘খেলবেন’ পাটওয়ারি!

ডিএসসিসি মেয়র পদে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে প্রার্থী করার বিষয়টি মোটামুটি ঠিক করে ফেলেছে জামায়াতে ইসলামী। এর আগে এ সিটিতে নিজেদের প্রার্থী হিসেবে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম ঘোষণা করেছিল জামায়াতের জোটসঙ্গী দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

তবে স্থানীয় সরকার নির্বাচনের সময় যত কাছাকাছি আসছে, ততই বদলে যাচ্ছে হিসাবনিকাশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তনের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ভোটার হয়েছেন। বিপরীতে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা দক্ষিণ থেকে ভোটার এলাকা পরিবর্তন করে হয়েছেন ঢাকা উত্তরের আফতাবনগর এলাকার ভোটার।

একই সময়ে দুই নেতার বিপরীতমুখী ভোটার এলাকা পরিবর্তনকে ঘিরে প্রশ্ন উঠেছে—আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কি তাদের জন্য বড় কোনো রাজনৈতিক পরিকল্পনা করছে এনসিপি?

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি কি আসিফ মাহমুদকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী করার কথা ভাবছে?

 

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক শীর্ষ নেতা বলেন, দুই সিটিতে আমরা এনসিপির জয় চাই। এ দুই এলাকা থেকে তাদের (নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ) মনোনয়ন দেওয়ার সম্ভাবনা বেশি। সে পরিপ্রেক্ষিতেই তারা নির্বাচনি এলাকা পরিবর্তন করেছেন।

এদিকে, এনসিপির দুই শীর্ষ নেতার ভোটার এলাকা পরিবর্তন নিয়ে পৃথক দুটি পোস্ট করেছেন জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক আব্দুল কাদের।

একটি পোস্টে তিনি লেখেন, ‘শুনলাম নাসীর ভাই নাকি ঢাকা দক্ষিণ থেকে ইলেকশন করতেছে! এক্ষেত্রে জামাত থেকে তার প্রতিদ্বন্দ্বী হবেন সাদিক কায়েম। এখন পাটওয়ারী যদি একটু করে তার কামানের গোলাটা জামায়াতের দিকে ঘুরিয়ে দেন; তাহলে এতোদিন যারা তারে তালি দিছেন তারা এবার গালি দিবেন?’

আলাদা পোস্টে আব্দুল কাদের লেখেন, ‘আসিফ ভাই নাকি ঢাকা উত্তরে নির্বাচন করবেন। এই সিদ্ধান্তটা সুইটেবল। উনার যে ধরনের ক্যারেক্টার, চিন্তাভাবনা; সেটার সঙ্গে ঢাকা উত্তরের পরিবেশ এবং মানুষের চিন্তাভাবনার ভাইভ ম্যাচ করবে। আশা করছি, ভালো কম্বিনেশন হবে।’