আজ ,

এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৬, ০২:৫৩ অপরাহ্ণ
এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভাজন ও বদলি আদেশের প্রতিবাদে বিগত আন্দোলনের জেরে সাময়িক বরখাস্ত ও লঘুদণ্ডে দণ্ডিত হওয়া ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ করা হয়েছে।

রোববার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনগুলো জারি করা হয়। এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আহসান হাবিবের সই করা এসব প্রজ্ঞাপনে জানানো হয়, দণ্ডাদেশ মার্জনা চেয়ে রাষ্ট্রপতি বরাবর করা আপিল আবেদন মঞ্জুর হওয়ার পর এই কর্মকর্তাদের মূল বেতনের অবনমিতকরণ সংক্রান্ত সব লঘুদণ্ড বাতিল করা হয়েছে এবং তাদের বিভাগীয় মামলার দায় থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৪ জুন রাজস্ব ভবনের প্রবেশপথে বদলির আদেশ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সামনে ছিঁড়ে ফেলার মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং চাকরি শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এসব কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে বেতন অবনমিতকরণের লঘুদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তীতে তারা রাষ্ট্রপতি বরাবর ক্ষমা প্রার্থনা করে আপিল করলে তা মঞ্জুর করা হয়।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় এনবিআরকে দুটি স্বতন্ত্র ভাগে বিভক্ত করার অধ্যাদেশ জারির প্রতিবাদে এবং তৎকালীন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা নানা কর্মসূচি ও ‘কমপ্লিট শাটডাউন’ আন্দোলন গড়ে তুলেছিলেন। পরবর্তীতে ব্যবসায়ীদের মধ্যস্থতায় সেই আন্দোলন স্থগিত হলেও তৎকালীন সময়ে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।