গোয়াইনঘাটে পুলিশি অভিযানে ধরা পড়েছে ভারতীয় ফেনসিডিলের বড় একটি চালান। এ সময় কুটিনা বেগম (৪০) নামে এক নারীকেও আটক করা হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনী গ্রাম থেকে ১ হাজার ২০৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ওই নারীকে আটক করা হয়। জব্দ হওয়া ফেনসিডিলের চালানের বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটক কুটিনা বেগম পাতনী গ্রামের তেরা মিয়ার স্ত্রী।
পুলিশ জানিয়েছে, পাতনী গ্রামের বাসিন্দা কুটিনা বেগম দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে রাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে তার বসতঘরে রক্ষিত ১ হাজার ২০৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই কুটিনা বেগমকে আটক করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদকের বিস্তার রোধে তাদের কঠোর ও কড়াকড়ি অভিযান অব্যাহত থাকবে।