লেবাননে ২০২৩ সালের অক্টোবর থেকে বিগত তিন বছরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৮ হাজার ৯০০ জন। আহত হয়েছেন প্রায় ৩০ হাজার ৬০০ জন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের হিসাবে, শুধু গত ২ মার্চ থেকে ৪ হাজার ৩৫৮ জন নিহত এবং আহত হয়েছেন ১২ হাজার ৩৫৯ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের গত বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২ মার্চের পর স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে হামলা হয়েছে ১৭৯টি। এসব হামলায় নিহত হয়েছেন ১৩৫ স্বাস্থ্যকর্মী।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের হিসাবে, আগস্টে ইসরায়েলি আগ্রাসনের কারণে লেবাননে ৩ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত ছিলেন। তাদের মধ্যে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন অন্তত ২২ হাজার মানুষ।
গত জুনে অবশ্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুটি শান্তি চুক্তি হয়েছিল। তবে হিজবুল্লাহর নেতা নাইম কাসেম চুক্তিটিকে বাতিল ও অকার্যকর বলে প্রত্যাখ্যান করেন। নাইম কাসেম দাবি করেন, আগে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলকে দখলদারিত্ব শেষ করতে হবে।
তবে চুক্তিতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি স্পষ্টভাবে বলা হয়নি।
গত শুক্রবার দক্ষিণ লেবাননের কাফর রেমান শহরে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, কৌশলগত আলি আল-তাহের সেতুর নিচের সুড়ঙ্গে থাকা হিজবুল্লাহ যোদ্ধাদের তারা সরিয়ে দিয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, শুক্রবার টায়ার ও নবাতিয়েহ জেলার সাতটি শহরে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সূত্র : আলজাজিরা