রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশকে আরো সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি তিনি প্রতিবছর শিশুদের একটি করে গাছের চারা রোপণ করতে বলেছেন।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতেই বৃক্ষ রোপণ করেন তিনি।
তারেক রহমান বলেন, “আজকে আমাদের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য দিন। স্মরণীয় দিন। আমরা বাংলাদেশের মাটিতে একসঙ্গে অনেকগুলো গাছ রোপণ করলাম।”
শিশুদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা চেষ্টা করবে, প্রতি বছর একটি করে গাছ লাগানোর জন্য। সেটা তোমার স্কুলে হোক, সেটি তোমার বাসার আশেপাশে হোক, যেখানে যেখানে মনে করবে একটি গাছ রোপণ করা যাবে- তোমাদের সবার কাছে আমার অনুরোধ, একটি করে গাছ রোপণ করবে।”
“ওই গাছটি কী গাছ? ওই গাছটি কত দিন বাঁচে? ওই গাছটি কী পরিমাণ অক্সিজেন উৎপাদন করে? ওই গাছটি মানুষের কী কী উপকারে লাগে- এই বিষয়গুলো তোমরা ইন্টারনেট ঘেঁটে রিসার্চ করবে। তাহলে প্রতি বছর তুমি একটি গাছ সম্পর্কে জানতে পারব”, যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “গাছ যখন বড় হবে; সেটি তোমার স্কুলেই হোক, সেটি তোমার বাসায় হোক, যদি স্কুলে বড় হয় দেখবে সব বন্ধুরা যখন খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাবে, ওই গাছের ছায়ায় সুন্দর করে বিশ্রাম করতে পারবে। একইভাবে বাসায় যদি গাছ রোপণ করো, ওই বাসার আশেপাশে গাছটা যখন বড় হবে, যখন সুন্দর বাতাস বইবে, দেখবে যে ঘরে বসে তুমি ওই বাতাস উপভোগ করতে পারবে। পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে যাবে।”
শিশুদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “আসো আমরা সবাই মিলে চেষ্টা করি, আমাদের এই বাংলাদেশটাকে আরো সবুজ করে গড়ে তুলতে।”
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে ঘুরে দেখেন।
এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।