সিলেটের প্রবীণ আলেমে দ্বীন, শায়খুল হাদীস, মাখযানুল উলূম গাফফারিয়া মাদ্রাসা, খাড়াভরা-বিয়ানীবাজার এর দীর্ঘদিনের মুহতামিম ও বর্তমান সদর মুহতামিম মাওলানা ফজলুল হক খান (বারহালী হুজুর) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগার পর সোমবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে সিলেট শহরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
মরহুম দীর্ঘকাল মাখযানুল উলূম গাফফারিয়া মাদ্রাসা, খাড়াভরা-এর মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে সদর মুহতামিম ছিলেন। এছাড়াও তিনি সাবেক ঢাকাদক্ষিণ দারুল উলূম হুসাইনিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, নগর মহিলা মাদ্রাসা, নালিউরী মহিলা মাদ্রাসা ও রায়গড় দত্তরাইল মহিলা মাদ্রাসার শায়খুল হাদীস হিসেবে দীর্ঘদিন হাদিসের দরস প্রদান করেন। তিনি খলিফায়ে মাদানী হযরত শায়খে গুনই (রহ.)-এর বিশিষ্ট খলিফা ছিলেন এবং ইলম, আমল ও তাসাউফের খেদমতের মাধ্যমে সিলেট অঞ্চলে বিশেষ খ্যাতি অর্জন করেন।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র, ভক্ত, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ মঙ্গলবার বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
তাঁর ইন্তেকালে আলেম-উলামা, ছাত্রসমাজ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ তাআলা মরহুমকে মাগফিরাত দান করুন, জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুন। আমীন।