সিলেটের কোম্পানীগঞ্জের প্রাকৃতিক পর্যটন কেন্দ্র উৎমা ছড়া দীর্ঘদিন ধরে অবৈধ পাথরখেকো সিন্ডিকেটের থাবায় পড়ে তার চিরাচরিত রূপ হারাচ্ছে। স্থানীয় অসাধু চক্রের কারণে নদী, পাহাড় আর পাথরের এই মনোরম ভূমি এখন বালুর মাঠে পরিণত হয়েছে। তবে সরকারিভাবে এর সুরক্ষায় নিয়মিত টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে।
সোমবার (১৩ জুলাই) উপজেলার উৎমা ছড়া লিজ বহির্ভূত পাথর কোয়ারিতে অবৈধভাবে উত্তোলন ও মজুত করা পাথরের বিরুদ্ধে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উৎমা ছড়া এলাকার বনপুর, আদর্শ গ্রাম, মাঝেরগাঁও ও বিজয়পাড়ুয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৯৪ হাজার ৩৯০ ঘনফুট পাথর জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, লিজ বহির্ভূত এসব এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও মজুত রাখার অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা পাথর স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যদের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে উন্মুক্ত নিলামের মাধ্যমে তা বিক্রি করা হবে।
অভিযানে উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “জব্দ করা পাথর নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে। অবৈধ পাথর উত্তোলন ও মজুদের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”