আগামী রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পদকের পাশাপাশি তুলে দেয়া হবে এই বিশেষ স্মারক রিং।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপ উপলক্ষে মোট ২ হাজার ২৬টি সীমিত সংস্করণের রিং তৈরি করা হয়েছে। প্রতিটি রিংয়ে থাকবে স্বতন্ত্র সিরিয়াল নম্বর, যা টুর্নামেন্টের স্মারক হিসেবে তৈরি করা হয়েছে। এর মধ্যে ৩০টি রিং সংরক্ষিত থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি রিং ফিফার অফিসিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলভক্তদের জন্য বিক্রি করা হবে, যাতে তারাও বিশ্বকাপের ইতিহাসের একটি অনন্য স্মারক সংগ্রহ করতে পারেন।
রিংয়ের এক পাশে থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির নকশা, আর অন্য পাশে থাকবে বিজয়ী দলের পরিচয় অনুযায়ী বিশেষভাবে তৈরি নকশা। প্রতিটি রিং হবে আলাদাভাবে নম্বরযুক্ত, ব্যবহারকারীর মাপ অনুযায়ী প্রস্তুত এবং এর সঙ্গে থাকবে সত্যতা নিশ্চিতকারী সনদ।
ফাইনাল শেষে তাৎক্ষণিকভাবে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে প্রতীকী (অস্থায়ী) রিং দেয়া হবে। এরপর চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত ৩০টি রিং প্রত্যেকের জন্য ব্যক্তিগতভাবে কাস্টমাইজ করা হবে এবং পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেয়া হবে। ফিফার ভাষ্য, এটি হবে এমন একটি স্মারক, যা বিশ্বকাপ জয়ের অবিস্মরণীয় অর্জনকে আজীবন বহন করবে।
যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনে সুপার বোল (এনএফএল), এনবিএ, ওয়ার্ল্ড সিরিজ (এমএলবি) এবং স্ট্যানলি কাপ (এনএইচএল) বিজয়ীদের চ্যাম্পিয়নশিপ রিং দেয়ার দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। এবার সেই ঐতিহ্যের অংশ হলো ফিফা বিশ্বকাপও।