ছয় সপ্তাহের লম্বা যাত্রা, ৪৮ দলের লড়াই আর অসংখ্য নাটকীয় মুহূর্তের পর বিশ্বকাপ এখন শেষ অধ্যায়ে! শুরুতে শিরোপার স্বপ্ন দেখেছিল ৪৮টি দল, কিন্তু সব হিসাব-নিকাশ শেষে ট্রফির জন্য লড়াইয়ে টিকে আছে মাত্র দুটি-বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের শক্তিশালী দল স্পেন।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। নাটকীয় এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজ, তাদের গোলেই শেষ পর্যন্ত ফাইনালের টিকিট নিশ্চিত হয় লিওনেল মেসিদের।
এর একদিন আগে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে ফেরার আনন্দে ভাসে স্পেন। ফলে বিশ্বকাপের শেষ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে সাম্প্রতিক সময়ের অন্যতম সফল দুই দল।
আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল। ম্যাচটি শুধু শিরোপা নির্ধারণ করবে না, ইতিহাস লেখারও সুযোগ এনে দেবে দুই দলের সামনে।
আর্জেন্টিনার লক্ষ্য টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতে ইতালি ও ব্রাজিলের পাশে জায়গা করে নেওয়া। ২০২২ সালের পর আবারও ট্রফি জিততে পারলে বিশ্বকাপ ইতিহাসে টানা দুই আসরের চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়বে আলবিসেলেস্তেরা। অন্যদিকে স্পেন ২০১০ সালের পর প্রথমবার এবং ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে।
ফাইনালের আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই সেমিফাইনালে পরাজিত দল ইংল্যান্ড ও ফ্রান্স। তবে ফুটবল বিশ্বের সব আলো এখন মেটলাইফ স্টেডিয়ামের দিকেই। ৪৮ দলের মহাযজ্ঞ শেষে বিশ্বকাপের ট্রফি উঠবে হয় মেসিদের হাতে, নয়তো স্পেনের নতুন প্রজন্মের ফুটবলারদের হাতে। ১৯ জুলাইয়ের মহারণই জানিয়ে দেবে বিশ্বফুটবলের নতুন সম্রাটের নাম!