ফুটবল মাঠে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতার আরেকটি নজির দেখা গেলো তাদের পরিবারের মধ্যে। রোনালদোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজের পাঠানো বিশেষ উপহার পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।
সম্প্রতি জর্জিনা তার নতুন লাউঞ্জওয়্যার ব্র্যান্ড ‘মিমোয়া’ বাজারে আনেন। সেই ব্র্যান্ডের কিছু পোশাক উপহার হিসেবে পাঠানো হয় আন্তোনেলার কাছে। উপহার পাওয়ার পর ইনস্টাগ্রাম স্টোরিতে পোশাকগুলোর ছবি শেয়ার করে আন্তোনেলা লেখেন, ‘অনেক ধন্যবাদ, জর্জিনা রদ্রিগেজ। সবকিছুই দারুণ সুন্দর। তোমার জন্য অনেক অনেক শুভকামনা ও সাফল্য কামনা করছি।’
আন্তোনেলার এই পোস্ট দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে ফুটবলের দুই কিংবদন্তির পরিবারের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে দেখছেন।
নিজের নতুন ব্র্যান্ড উন্মোচনের সময় জর্জিনা জানান, নারীদের জন্য আরামদায়ক ও আত্মবিশ্বাসী পোশাক তৈরির লক্ষ্য থেকেই ‘মিমোয়া’-এর যাত্রা শুরু।
তিনি বলেন, ‘আমি মিমোয়া তৈরি করেছি এই বিশ্বাস থেকে যে, একজন নারীর শরীরকে বদলে দেওয়ার প্রয়োজন নেই। এটি যেমন, তেমনই যথেষ্ট এবং সুন্দর।’
উল্লেখ্য, এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্তটি সামনে এসেছে এমন সময়ে, যখন ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে ব্যস্ত মেসি ও রোনালদো। আর্জেন্টিনা শেষ ষোলোতে মিশরের মুখোমুখি হবে, আর পর্তুগালের প্রতিপক্ষ স্পেন। মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভক্তদের কাছে ইতিবাচক বার্তাই পৌঁছে দিয়েছে।