বিদ্যুৎ সাশ্রয়ে সিলেট মেট্রোপলিটন (এসএমপি) এলাকায় রাত ৮টার পর সব ধরনের শপিংমল, মার্কেট, দোকানপাট বন্ধ এবং আলোকসজ্জা না করার নির্দেশনা দিয়েছে পুলিশ।
একই সঙ্গে শহরের সব আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ এবং মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করার আদেশ জারি করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম (বিপিএম) বুধবার (১২ আগস্ট) মধ্যরাতে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রদান করেন।
এতে বলা হয়- সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের অংশ হিসেবে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- নির্ধারিত সময়সীমা অতিক্রমের পর কোনো শপিংমল, মার্কেট বা দোকানপাট খোলা রাখা যাবে না। পাশাপাশি কোনো ধরনের আলোকসজ্জাও করা নিষিদ্ধ করা হয়েছে। তবে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে এই নিয়মের আওতামুক্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে হোটেল ও রেস্তোরাঁ (খাবারের দোকান), কাঁচাবাজার, ফার্মেসি এবং অন্যান্য জরুরি সেবামূলক প্রতিষ্ঠান।
আইন অমান্যকারীদের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দেশাবলি অমান্য করলে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বার্থে এ নির্দেশ অনতিবিলম্বে মেনে চলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।