আজ ,

সিলেটে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২১, ০৩:৫৭ অপরাহ্ণ
সিলেটে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

ফণা তুলে দাঁড়ানো মরণব্যাধি করোনাভাইরাসে এবার সিলেটে কমতে শুরু করেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা।

গত ২৪ ঘন্টায় (সোমবার সকাল ৮টা পর্যন্ত) এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। একই সময়ে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৩৫৯ জন।

এর আগে গতকাল রবিবার সকালে ২৪ ঘন্টায় ৪৬০ জনের করোনা শনাক্ত ও ১৩ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

আজ সোমবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে সিলেট জেলার ৪ জন এবং মৌলভীবাজার জেলার ১ জন বাসিন্দা রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৯০২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭২৮ জন, সুনামগঞ্জে ৬১ জন, হবিগঞ্জে ৪৪ জন এবং মৌলভীবাজার জেলায় ৬৯ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ২৮.২০ শতাংশেরই করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় শনাক্তের হার ৩৩.৩৩ শতাংশ, সুনামগঞ্জে ১৬.৫২ শতাংশ, হবিগঞ্জে ২১.৮৪ শতাংশ এবং মৌলভীবাজারে ১৯.৭৯ শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ৩৫৯ জনের মধ্যে ২৬৪ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১৯ জন, হবিগঞ্জের ৩৮ জন এবং মৌলভীবাজার জেলার ৩৮ জন।

এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ২৭১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩০ হাজার ৬৬৭ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৬৫১ জন, হবিগঞ্জে ৫ হাজার ৮৯৯ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৫৪ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ২৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২১ জন এবং মৌলভীবাজার জেলায় ৬ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৫৫৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৪৩০ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৪৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪২ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৩৪ জন চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘন্টায় সিলেটে ৩৯১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ২৯৩ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জ জেলার ৪১ জন এবং মৌলভীবাজার জেলার ৫৭ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ৩৭ হাজার ৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৪ হাজার ৯৮৮ জন, সুনামগঞ্জে ৪ হাজার ১২৪ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৮২৮ জন ও মৌলভীবাজারে ৫ হাজার ৯৭ জন সুস্থ হয়েছেন