সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় এক বৃদ্ধা ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ধলাইড়পাড় এবং দুপুরে শান্তিগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের কুতুবপুর কৃষ্ণতলা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত দুজন হলেন দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মনফর আলীর স্ত্রী খাইরুন নেছা (৬৫) এবং জামালগঞ্জ উপজেলার ভিমখালী ইউনিয়নের কালিপুর গ্রামের প্রয়াত গুরুসদয় দত্তের ছেলে সুমন দত্ত (৩৩)।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, সকালে ধলাইড়পাড়ের উত্তরে একটি স্কুলের পাশে ডোবায় এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি বলেন, উদ্ধারের সময় ওই নারীর পরিচয় জানা যায়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। ছবি দেখে পরে তার পরিচয় নিশ্চিত করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, শান্তিগঞ্জ থানার পুলিশ জানায়, শুক্রবার রাতে নিখোঁজ হন সুমন দত্ত। তাকে খুঁজে না পেয়ে স্বজনেরা জামালগঞ্জ থানার পুলিশকে বিষয়টি জানান।
রোববার সকালে কুতুবপুর কৃষ্ণতলার পাশের একটি খালে সুমনের মরদেহ ভাসতে দেখেন তার স্বজনেরা। খবর পেয়ে দুপুরে শান্তিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
শান্তিগঞ্জ থানার ওসি অলিউল্লাহ বলেন, সুমনকে খুঁজে না পেয়ে স্বজনেরা বিভিন্ন স্থানে সন্ধান করেন। পরে খালে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এখনো স্বজনদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।