হবিগঞ্জের নবীগঞ্জে আলোচিত জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ডেরর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুানাল-৩ এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ আদেশ প্রদান করেন।
নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে খলিল উদ্দিন (৩০) ও ইশ্বাদ উল্লার ছেলে গোলাম হোসেন (৩৫)।
আদালত সূত্র জানায়, ২০২১ সালে ২৬ ডিসেম্বর রাত ১১টার দিকে দণ্ডপ্রাপ্তরা একই গ্রামের সুফি মিয়ার কন্যা জুবা আক্তারকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ নবীগঞ্জ উপজেলার কাজীর বাজার মার্কুলি রাস্তার পাশে হাত-পা বেঁধে জমিতে ফেলে দেয় আসামীরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনার পরদিন নিহতের বাবা সুফি মিয়া বাদী হয়ে খলিল উদ্দিন ও গোলাম হোসেনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ দীর্ঘ তদন্ত করে দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ রোববার এ দণ্ডাদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। দ্রুত রায় বাস্তবায়নের দাবি করছি।