ডেঙ্গু প্রতিরোধে দেশের তরুণ সমাজকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। তিনি বলেছেন, দেশ ও মানুষের স্বার্থে তরুণদের ভূমিকা রাখার এখনো প্রয়োজন রয়েছে। শনিবার সকালে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সারাদেশের জেলা ও উপজেলার সঙ্গে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তিন মাস মেয়াদি পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির ঘোষণা দেন। একই সঙ্গে কর্মসূচি সফল করতে দেশবাসীর সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের তরুণ সমাজ কীভাবে পরিবর্তন আনতে হয়, তা দেখিয়ে দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধেও তরুণদের একইভাবে দেশের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান (অতিরিক্ত সচিব), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আশরাফুর রহমান, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাঈদা পারভীন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা: জন্মেজয় দত্ত, গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক, বিডি ক্লিন, বিএনসিসি, স্কাউটস ও গার্লস গাইডের প্রতিনিধি ও সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন উপস্থিত সবাই। সিলেট জেলা প্রশাসন প্রতি শনিবার এ কর্মসূচি পালন করবে।