আজ ,

হবিগঞ্জে কিশোর হত্যা মামলায় শিক্ষক আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৩:১৫ অপরাহ্ণ
হবিগঞ্জে কিশোর হত্যা মামলায় শিক্ষক আটক

হবিগঞ্জে মাদ্রাসাছাত্র কিশোর আশিকুল ইসলাম জনি (১৪) হত্যা মামলায় শিক্ষক মাহবুব আলম মাহীকে (২৪) আটক করেছে র‌্যাব। শুক্রবার রাতে মৌলভীবাজারের মনুমুখ ইউনিয়নের নটপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাহবুবের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামে। তিনি মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের হযরত আবু বকর ছিদ্দিক (রা.) হিফজুল কোরআন সুন্নিয়া নূরানী মাদ্রাসার শিক্ষক।

মামলার এজাহার ও র‍্যাবের অনুসন্ধান থেকে জানা গেছে, মাদ্রাসার আর্থিক অনিয়ম ও ছাত্রদের দান-খয়রাতের টাকা নিয়ে প্রতিবাদ করায় জনির সঙ্গে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল আমিন হাসাইন ও শিক্ষক মাহবুবের বিরোধ হয়। ২০২৫ সালের ২২ এপ্রিল রাতে জনিকে মারধরের পর বিষ পান করানোর অভিযোগ ওঠে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২৮ মে মাধবপুর থানায় হত্যা মামলা করেন জনির ভাই।

মাধবপুর থানার ওসি সোহেল রানা জানিয়েছেন, গতকাল শনিবার সকালে মাহবুবকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান, মাহবুব মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।