আজ ,

ডেঙ্গুতে প্রথম মৃত্যু দেখলো সিলেট

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩, ২০২৬, ০৫:০৪ অপরাহ্ণ
ডেঙ্গুতে প্রথম মৃত্যু দেখলো সিলেট

হামের প্রাদুর্ভাবের মধ্যেই এবার সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণও বাড়তে শুরু করেছে। চলতি বছরে বিভাগে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময়ে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যাও উদ্বেগজনকভাবে বাড়ছে। সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা আফিয়া খানম (৫৪)। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চলতি বছরে সিলেট বিভাগে এটিই ডেঙ্গুতে প্রথম মৃত্যু।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জনে। ফলে হামের পাশাপাশি ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুইজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাদের একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনাক্ত হন। নতুন আক্রান্তদের নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট পাঁচজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে একজন চিকিৎসাধীন আছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। জেলার ভিত্তিতে আক্রান্তদের মধ্যে সিলেটে ২৪ জন, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৫২ জন এবং মৌলভীবাজারে ১১ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে আসা আরও তিনজন রোগী সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।