সিলেটে মডার্নার ভ্যাকসিন নিয়েছেন আরও ৮ সহস্রাধিক নাগরিক। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) নগরীর দু’টি স্থায়ী টিকাদান কেন্দ্রে ভ্যাকসিন নেন তারা।
এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মডার্না টিকার ১ম ডোজ নিয়েছেন ৭ হাজার ৩৬০ জন ও পুলিশ লাইন্স হাসপাতালে ১ম ডোজ নিয়েছেন ৭৮০ জন। এদিকে সিনোর্ফামার টিকার ২য় ডোজ নিয়েছেন ২৫২ জন ও অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড নিয়েছেন ১৮৬০ জন।
বিষয়টি নিশ্চিত করে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার থেকে মডার্না টিকার ১ম ডোজ দেয়া বন্ধ রয়েছে। শনিবার থেকে এর মডার্নার ২য় ডোজ ও নিবন্ধিতদের সিনোফার্মের ১ম ডোজ দেয়ার কথা রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর থেকে নতুন নির্দেশনা পেলে শুক্রবার জানা যাবে। তবে মোবাইলে এসএমএস প্রাপ্তি সাপেক্ষে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে নাগরিকরা টিকা কেন্দ্রে আসতে পারবেন। তবে কেন্দ্র পরিবর্তন করে কেউ টিকা গ্রহণ করতে পারবেন না।