আজ ,

বালাগঞ্জে চোরের উৎপাত: আতঙ্কে শিওরখাল গ্রামবাসী

এম এ কাদির, বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত জুলাই ১৮, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
বালাগঞ্জে চোরের উৎপাত: আতঙ্কে শিওরখাল গ্রামবাসী

ছবি এআই দিয়ে তৈরী।

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামে চোরের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি চুরির ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। একের পর এক বসতবাড়ি ও বিভিন্ন স্থানে চুরির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। 

চুরি প্রতিরোধে শনিবার (১৮ জুলাই) সকালে গ্রামবাসী জরুরি বৈঠক করে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং পুলিশের কার্যকর সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দুবাইপ্রবাসী সেলিম মিয়ার বসতঘরের টিনের চাল কেটে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে।

সে সময় পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে ছিলেন। চোরেরা ঘরের আলমারি, ওয়ারড্রব ও শোকেসের তালা ভেঙে মূল্যবান মালামাল, সিলিং ফ্যান, পানির মোটরসহ লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে যায়।

 

মঙ্গলবার গভীর রাতে একই গ্রামের ফ্রান্সপ্রবাসী হায়দর আলীর বাড়িতে চুরির চেষ্টা চালানো হয়। প্রথমে জানালা ভেঙে প্রবেশের চেষ্টা করে, গ্রিল থাকায় ব্যর্থ হয় চোরেরা। পরে রান্নাঘরের চুলার ওপরের স্ল্যাব সরিয়ে ঘরে ঢোকে। এ সময় ঘরের লোকজন জেগে উঠে চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে এসে ধাওয়া করলে চোরচক্র তাদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ফেলে পালিয়ে যায়।

এদিকে একই কায়দায় হাজি ইছরাব আলীর ঘরের টিনের চাল কেটে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া গ্রামের হাজি তাজউল্লাহর টিউবওয়েলের মোটর, আব্দুর নূরের টিউবওয়েলের পাম্প, শাহ মো. দুলালের ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি এবং স্বাস্থ্যকর্মী সোহেল আহমদের টিউবওয়েলের মোটর চুরির ঘটনাও ঘটেছে।

ধারাবাহিক এসব ঘটনায় উদ্বিগ্ন গ্রামবাসী শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় চুরি প্রতিরোধে এক জরুরি সভায় মিলিত হন। সভায় রাত ১২টার পর জরুরি প্রয়োজন ছাড়া এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাতায়াত না করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি এলাকায় কাউকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে তাৎক্ষণিকভাবে গ্রামের মুরব্বিদের জানাতে এবং প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে চোরচক্রকে শনাক্ত ও আইনের আওতায় আনা না গেলে গ্রামবাসীর জানমাল আরও ঝুঁকির মুখে পড়বে। তাই চুরি প্রতিরোধে বালাগঞ্জ থানা পুলিশের নিয়মিত টহল ও কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা।

এ বিষয়ে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, বালাগঞ্জ থানার আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তিনি অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে স্থানীয় সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।

গ্রামবাসীর প্রত্যাশা, প্রশাসনের কার্যকর উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিওরখাল গ্রামে চুরি-ডাকাতির পুনরাবৃত্তি বন্ধ হবে এবং এলাকায় স্বাভাবিক নিরাপত্তা ফিরে আসবে।