শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জের পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে ‘গুণীজন সম্মাননা ২০২৫’ প্রদান করেছে জেলা শিল্পকলা একাডেমি।
শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত পাঁচজন হলেন-সৃজনশীল সাংস্কৃতিক গবেষণায় সাংবাদিক উজ্জ্বল মেহেদী, সাংস্কৃতিক সংগঠক হিসেবে শাহ নূরজালাল, আবৃত্তিশিল্পে রুনা শাহীন আরা লেইছ, কণ্ঠসংগীতে মো. যোবায়ের বখত এবং লোকসংগীতে হীরা মোহন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, গুণীজনদের মূল্যায়ন নতুন প্রজন্মকে দেশ, সমাজ ও সংস্কৃতির প্রতি আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে। জেলা শিল্পকলা একাডেমির এ ধরনের উদ্যোগ স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, জেলা জাসাসের সভাপতি শেরগুল আহমদ, সদস্যসচিব মোনাজির হোসেন সুজন ও সাংবাদিক খলিল রহমান। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।