আজ ,

মাধবপুরে ভয়াবহ আগুনে পুড়ল চার দোকান

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৪:৩২ অপরাহ্ণ
মাধবপুরে ভয়াবহ আগুনে পুড়ল চার দোকান

হবিগঞ্জের মাধবপুরের মৌজপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর পোনে ৪টার দিকে মৌজপুর বাজারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আশপাশের দোকানগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

অগ্নিকাণ্ডে বহরা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মন্নানের মালিকানাধীন ‘ইসলাম ট্রেডার্স’ নামের সার ও কীটনাশকের দোকান, হাসানুজ্জামান বাবুর মুদি দোকান, একটি দর্জির দোকান ও একটি সেলুন সম্পূর্ণ পুড়ে যায়।

মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মন্তোষ মল্লিক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিট পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানের মালামাল ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।