আজ ,

এসআই’র বিরুদ্ধে মোবাইল ফোন চুরির অভিযোগ ফল বিক্রেতার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ১১, ২০২৬, ০৪:২৯ অপরাহ্ণ
এসআই’র বিরুদ্ধে মোবাইল ফোন চুরির অভিযোগ ফল বিক্রেতার

অভিযুক্ত পুলিশ সদস্য রাসেল মিয়া।

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ফলের বিক্রেতার দোকান থেকে মুঠোফোন চুরির অভিযোগ উঠেছে ।

 

এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য রাসেল মিয়াকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সোমবার বিকেলে রাসেল মিয়াকে হবিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে আজমিরীগঞ্জ বাজারের ফল বিক্রেতা রাজীব আহমেদের দোকান থেকে তার মুঠোফোনটি খোয়া যায়। পরে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তিনি ফোনটি কীভাবে খোয়া গেছে, সে বিষয়ে ধারণা পান।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, পুলিশের এসআই রাসেল মিয়া ওই দোকানে ঢুকে ফল কিনছেন। কেনাকাটা শেষে তিনি প্রায় পাঁচ মিনিট দোকানে অবস্থান করেন। এ সময় দোকানের কাউন্টারে রাজীবের স্মার্টফোনটি রাখা ছিল। রাসেল ওই ফোনের ওপর একটি ফাইল ও নিজের মুঠোফোন রাখেন। কিছুক্ষণ পর রাজীবের সঙ্গে কথা বলতে বলতে দুটি ফোনই নিজের পকেটে তুলে নেন। এরপর ফলের ব্যাগ নিয়ে দোকান থেকে বের হয়ে যান।

পরে নিজের মুঠোফোনটি খুঁজে না পেয়ে রাজীব সিসিটিভি ফুটেজ দেখেন। তার দাবি, ফুটেজ দেখে তিনি বুঝতে পারেন, রাসেল মিয়া তার ফোনটি নিয়ে গেছেন।

রাজীব বলেন, তিনি পরে ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে ফোনটি ফেরত দিতে বলেন। তার ভাষ্য, রাসেল তাকে জানান, ফোনটি নিয়ে যাওয়ার পর তিনি সেটি হারিয়ে ফেলেছেন। পরে ফোনটির দাম বাবদ তাকে ১৫ হাজার টাকা দেওয়া হয়।

আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেন বলেন, ‘তিনি নিজেও সিসিটিভি ফুটেজটি দেখেছেন। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানোর পর রাসেল মিয়াকে হবিগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’

তবে এ ঘটনায় রাসেল মিয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কী ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বা পরবর্তী তদন্ত কীভাবে হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।