গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে।
শনিবার (৩০ মে) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত দৈনন্দিন প্রতিবেদনে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।
মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন হলো সিলেটের ওসমানীনগর উপজেলার নাজমুল হকের ৬ মাস বয়সী শিশু কন্যা হুমায়রা এবং জকিগঞ্জ উপজেলার ইসলামপুরের মাসুম আহমদের ৮ মাস বয়সী শিশু আব্দুল্লাহ আল মাহিন।
তন্মধ্যে হুমায়রা এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আব্দুল্লাহ আল মাহিন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন কোনো হাম রোগী শনাক্ত না হলেও ৪১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ১৬৫ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ ৮৬ জন, সিলেট জেলায় ৪২ জন, হবিগঞ্জে ২১ জন (এর মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত) এবং মৌলভীবাজারে ১৬ জন আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৪১ জন সন্দেহভাজন রোগীর মধ্যে ২০ জনকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ২ জন এবং রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ভর্তি হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৩৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৯ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৮ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ২২ জন চিকিৎসা নিচ্ছে। এ ছাড়া অন্যান্য উপজেলা ও বেসরকারি হাসপাতালে আরও রোগী ভর্তি রয়েছে।
স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।