সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া চার শিশুর মধ্যে দুইজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের একজনের বাড়ি মৌলভীবাজার জেলায় এবং অন্যজনের বাড়ি সুনামগঞ্জ জেলায়। একই সময়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়, যাদের একজন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার এবং অন্যজন সদর উপজেলার বাসিন্দা।
এর আগে শুক্রবার একদিনে পাঁচ শিশুর মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছর সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে চারজন এবং উপসর্গ নিয়ে আরও ৪৭ জন শিশুর মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে ১৫৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৫ জন রোগী। তবে একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে কারও হামে আক্রান্ত হওয়ার তথ্য শনাক্ত হয়নি বলেও জানানো হয়েছে।