গোলাপগঞ্জে এক প্রবাসীর জায়গা জোরপূর্বক দখলের উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় প্রবেশের অভিযোগ উঠেছে একদল ব্যক্তির বিরুদ্ধে। এলাকার সাধারণ মানুষের তীব্র প্রতিরোধের মুখে পড়ে তারা পিছু হটতে বাধ্য হয়।
বুধবার (৮ জুলাই) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌঘরি গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
অনুপ্রবেশকারীরা পালিয়ে যাওয়ার সময় নিজেদের ব্যবহৃত একটি নোয়াহ গাড়ি এবং বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ঘটনাস্থলেই ফেলে গেছে।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ফেলে যাওয়া গাড়ি ও দেশীয় অস্ত্র জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, লন্ডন প্রবাসী জাভেদ আহমেদের বৃদ্ধ মা-বাবা ওই বাড়িতে বসবাস করেন। সম্প্রতি তিনি দেশে আসেন। কিছুদিন পর তিনি বিদেশে ফিরে গেলে এলাকার প্রভাবশালী রায়হান গংরা বহিরাগত সন্ত্রাসী এনে এই ঘটনা ঘটায়। দীর্ঘদিন ধরেই তারা ওই প্রবাসী জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। এই নিয়ে আদালতে মামলা চলমান এবং জায়গার ওপর ১৪৪ ধারা জারি রয়েছে।
উপস্থিত এলাকাবাসী জানান, প্রবাসীর জায়গায় দখলদাররা হানা দিয়েছে-এমন খবর মুহূর্তের মধ্যে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। চারিদিক থেকে শত শত লোকজন উপস্থিত হলে তারা পালিয়ে যান।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।
গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানান, ‘পুলিশ খবর পেয়েই দ্রুত ব্যবস্থা নিয়েছে। প্রবাসীর জায়গা দখল বা কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আমরা লিখিত অভিযোগ পেয়েছি, জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’