আজ ,

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত জুলাই ১০, ২০২৬, ০৪:২৬ অপরাহ্ণ
মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে ফ্রান্স

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শেষ পর্যন্ত নিজেদের শক্তির প্রমাণই দিল ফ্রান্স। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দিদিয়ের দেশর দল।

আজ ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। তবে মরক্কোর রক্ষণ এবং গোলরক্ষক ইয়াসিন বুনুর দৃঢ়তায় বারবার হতাশ হতে হয় এমবাপে-দেম্বেলেদের।

ম্যাচে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ অবশ্য লুফে নিতে পারেনি ফ্রান্স। ম্যাচের ২৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপে। এমবাপের গতিহীন স্পট-কিকটি সহজেই আটকে দেন বুনু।

প্রথমার্ধে আর কোনো দলই জালের দেখা না পেলে বিরতিতে গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে দুই দল।

বিরতি থেকে ফিরে আক্রমণ ধরে রাখে ফ্রান্স। পাল্টা আক্রমণে মরক্কোর গোল করার বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ের অভাবে তা কাজে লাগেনি। উল্টো ৬০তম মিনিটে জট খুলে দেন এমবাপে। বাম দিক থেকে বল পেয়ে ডি-বক্সের প্রান্তে ঢুকে দুর্দান্ত কার্লিং শটে বল জড়িয়ে দেন জালে। পেনাল্টি মিসের হতাশা মুহূর্তেই ভুলিয়ে দেন এই গোলে।

গোলের ধাক্কা সামলে ওঠার আগেই আরও বড় বিপদে পড়ে মরক্কো। ৬৬তম মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে এসে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে। মরক্কো গোলরক্ষক বুনু বল স্পর্শ করলেও তা ঠেকাতে পারেননি।

দুই গোল হজমের পর মরক্কো আক্রমণে ঝাঁপিয়ে পড়লেও ফরাসি রক্ষণ খুব বেশি সুযোগ দেয়নি। শেষদিকে আশরাফ হাকিমি, আজেদিন উনাহি ও এল আয়নাউই চেষ্টা করলেও গোলের দেখা মেলেনি। একবার মাইক মেনিয়র দুর্দান্ত সেভ এবং আরেকবার হেড সাইড নেটে লাগায় ব্যবধান আর কমানো সম্ভব হয়নি।

এই জয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ফ্রান্স। অন্যদিকে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর স্বপ্ন থেমে গেল শেষ আটেই।

এদিকে গোল করে টুর্নামেন্টে নিজের অষ্টম গোল পূর্ণ করেছেন কিলিয়ান এমবাপে। নিজের খেলা তৃতীয় বিশ্বকাপেই ২০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এবারের বিশ্বকাপে বর্তমানে মেসির সমান ৮ গোল নিয়ে সবার ওপরেও এমবাপে।

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ হবে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।