আজ ,

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে ৬ জন নিহত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে ৬ জন নিহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের নতুন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিট থেকে ৬টা ২০ মিনিটের মধ্যে হাসপাতালের নতুন ভবনের বহির্বিভাগে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাগ আল-মামুন পদদলিত হয়ে ৬ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানানো হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর হাসপাতালের জরুরি বিভাগে খোঁজ নিয়ে ছয় জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন- নেত্রকোনার পূর্বধলা উপজেলার বসী গ্রামের হাজেরা বেগম (৫০), ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের শাহজাহান (৪০), একই উপজেলার আহমদ আলীর ছেলে রমজান (৩৮), হোসেন আলীর ছেলে জাহানারা (৫০) এবং তারাকান্দা উপজেলার বালিখা গ্রামের কুলসুমা (৩৫)। নিহত অপর এক শিশুর পরিচয় এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, এদিন সন্ধ্যা ৬টার দিকে নতুন আটতলা ভবনের লিফট কন্ট্রোল রুমে আগুন লাগে। কন্ট্রোলার মেশিনের বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট ও অতিরিক্ত উত্তাপের কারণে আগুনের সূত্রপাত হয়। কন্ট্রোল রুম থেকে বের হওয়া ধোঁয়া ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

তিনি বলেন, ‘খবর পেয়ে ময়মনসিংহ সদর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ত্রিশাল ও ঈশ্বরগঞ্জ স্টেশনসহ পাঁচটি স্টেশনের ১০টি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের প্রতিটি তলায় তল্লাশি চালিয়ে আগুনের অবস্থান শনাক্ত করেন এবং পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।’

এদিকে হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের সময় দ্রুত বের হওয়ার জন্য পর্যাপ্ত বহির্গমন ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, ভবনটিতে আরও চারটি সিঁড়ি থাকলেও সেগুলো নিয়মিত তালাবদ্ধ রাখা হয়। ফলে আগুন লাগার সময় রোগী ও স্বজনেরা একটিমাত্র সিঁড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করলে সেখানে তীব্র ভিড় ও হুড়োহুড়ির সৃষ্টি হয়। এতে ছয় জনের প্রাণহানির ঘটনা ঘটে। এ ছাড়া অনেকে আহত হন।

অগ্নিকাণ্ডের পর হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, ‘আগুন লাগার কারণ ও সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

এদিকে স্থানীয় সংসদ সদস্য, বিভাগীয় কমিশন, পুলিশের ডিআইজি, র‍্যাবের অধিনায়ক, জেলা পুলিশের এসপি, স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।