সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা এলাকা থেকে ভারতীয় চকোলেটসহ ৩জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দু’জন নারীও রয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার আর্দিপাড়া, মুন্সিরহাটি এলাকার নুরুল আমিনের স্ত্রী ইয়াছমিন (৪৭), সিলেটের গোয়াইনঘাটের পাথরটিলা মামার বাজার এলাকার আজমের স্ত্রী শাহনাজ (৪৯) ও গোয়াইনঘাটের কচুয়ারপাড়, দাড়িয়াকান্দি এলাকার শাহাব উদ্দিনের ছেলে মিলাদ আহমদ (২৩)।
বুধবার (২২ এপ্রিল) বিমানবন্দর থানা পুলিশ তাদেরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এরআগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বিমানবন্দর থানাধীন বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১১-৫৭৯১) তল্লাশি চালিয়ে ৮৭৭ পিস ভারতীয় কিটকেট চকলেট ও ১৭ প্যাকেট ব্যানজো কোকো চকলেট জব্দ করে। যার আনুমানিক মূল্য-৬৯ হাজার ৬২০ টাকা।
এ তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মনজুরুল আলম। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।