আজ শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বকাপ ফুটবলে প্রথম পয়েন্ট পেল কানাডা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১৩, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
বিশ্বকাপ ফুটবলে প্রথম পয়েন্ট পেল কানাডা

ঘরের মাঠে বিশ্বকাপের প্রথম ম্যাচ। গ্যালারিজুড়ে লাল জার্সির সমুদ্র, আর ‘ক্যা-না-ডা! ক্যা-না-ডা!’ ধ্বনিতে মুখরিত দর্শকসারি। যদিও মাঠে উপস্থিত কানাডিয়ান দর্শকদের জন্য শুরুটা সুখকর ছিল না।

তবে বদলি হিসেবে নেমে সাইল লারিনের করা গোলে বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।

গত রাতে নিযেদের মাঠে উপস্থিত ৪৩ হাজার ২ জন দর্শকের সামনে এই ড্র দিয়েও ইতিহাস গড়েছে কানাডা। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পেল দলটি।

ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় বসনিয়া ও হার্জেগোভিনা। ইভান বাসিচের কর্নার থেকে অধিনায়ক সেয়াদ কোলাশিনাচ হেডে বল বাড়িয়ে দেন, আর সেই সুযোগ কাজে লাগিয়ে জোভো লুকিচ হেডে জাল খুঁজে নেন।

এদিন একাদশে সুযোগ পাওয়া এই স্ট্রাইকারের আন্তর্জাতিক ক্যারিয়ারের এটি প্রথম গোল। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে কানাডা।

৫৪তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। অধিনায়ক স্টিফেন ইউস্তাকিওর পাস থেকে রিচি লারিয়ার শট প্রায় গোল হয়েই যাচ্ছিল। কিন্তু কোলাশিনাচের পায়ে লেগে বল ক্রসবারে আঘাত করে ফিরে আসে।

অবশেষে ৭৮তম মিনিটে আসে কানাডার কাঙ্ক্ষিত গোল। বদলি হিসেবে মাঠে নামার মাত্র দুই মিনিট পর প্রমিস ডেভিডের পাস ধরে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন সাইল লারিন। তার এই গোলেই বিশ্বকাপে প্রথমবারের মতো হার এড়ানোর স্বাদ পায় কানাডা।

বিশ্বকাপে এটি ছিল কানাডার মাত্র দ্বিতীয় গোল। এর আগে ১৯৮৬ সালের বিশ্বকাপে তিন ম্যাচ এবং ২০২২ কাতার বিশ্বকাপে তিন ম্যাচ খেলেও প্রতিটিতেই হেরেছিল উত্তর আমেরিকার দলটি। ফলে এই ড্র তাদের ফুটবল ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করছে। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো পয়েন্ট পেল তারা।

এর আগে বিশ্বকাপে কানাডার অতীত- ৬ ম্যাচ খেলে ৬টিতেই হার! এদিন ইনজুরির কারণে খেলতে পারেননি তারকা উইঙ্গার আলফোনসো ডেভিস। হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে থাকা ডেভিসই চার বছর আগে কাতার বিশ্বকাপে কানাডার প্রথম বিশ্বকাপ গোলটি করেছিলেন।

অন্যদিকে মাত্র ৩০ লাখ জনসংখ্যার দেশ বসনিয়া ও হার্জেগোভিনাও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ইউরোপিয়ান প্লে-অফে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে বিশ্বকাপে জায়গা করে নেওয়া দলটি বড় মঞ্চেও লড়াকু মানসিকতা দেখিয়েছে। এখন গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচের দিকে তাকিয়ে কানাডা।

আগামী ১৮ জুন ভ্যাঙ্কুভারে কাতারের মুখোমুখি হবে তারা। ২৪ জুন একই ভেন্যুতে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে শেষ গ্রুপ ম্যাচ। অন্যদিকে বসনিয়া ১৮ জুন লস অ্যাঞ্জেলেসে সুইজারল্যান্ড এবং ২৪ জুন সিয়াটলে কাতারের বিপক্ষে মাঠে নামবে।

ম্যাচের ফল- কানাডা ১-১ বসনিয়া ও হার্জেগোভিনা গোলদাতা- জোভো লুকিচ (বসনিয়া ও হার্জেগোভিনা) সাইল লারিন (কানাডা)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০