মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান মুজিব (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৫টার পর দত্তগ্রাম সীমান্ত এলাকার মনু নদীর চরে এ ঘটনা ঘটে।
এর আগে ৮ মে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে মোরছালিন ও নবীর হোসেন নামে দুই বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হন।
স্থানীয়দের অভিযোগ, শুক্রবার মুজিবুর রহমান নদীর চরে ভারতের তারবেড়া এলাকার কাছে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত মুজিবুর রহমান কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকার আজিজুর রহমান অজিবের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. হারুন মিয়া জানান, গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলেই যুবকটি মারা যান এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তার লাশ চর এলাকায় পড়ে ছিল।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ভারতীয় বিএসএফ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।