হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৭ নং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড শেরপুর গ্রামের প্রধান সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।
অল্প বৃষ্টিতে সড়কের গর্তে পানি জমা হয়ে ঘটে নানা অঘটন। কাদায় ভরপুর হয়ে চলাচলের চরম দুর্ভোগে পোহাতে হয় যাতায়াতকারীদের।
সরেজমিনে দেখা যায়, পুরো রাস্তা জুড়ে কাদা-পানি জমে আছে। জায়গায় জায়গায় কিছু কংক্রিট ও ইটের টুকরো পড়ে থাকলেও তা সরকারি বরাদ্দের নয়।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “নিজের টাকায় রাস্তায় কংক্রিট ফেলি, বৃষ্টিতে সেটাও কাদায় ডুবে যায়। বছরের পর বছর ধরে শুধু প্রতিশ্রুতি শুনি। আমাদের দুঃখ দেখার মতো কেউই নেই।”
এদিকে স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থী, রোগী ও বৃদ্ধরা প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বর্ষা মৌসুমে গ্রামবাসীর যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে রোগীকে হাসপাতালে নেওয়াও কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়।
সড়কটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তারা বলেন, “জনগণ আর কত নিজের পকেটের টাকা দিয়ে রাস্তা করবে? এবার অন্তত সরকারিভাবে স্থায়ী সমাধান চাই।”
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে এলজিইডি ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ৭ নং ওয়ার্ডের বাসিন্দারা।