আজ ,

সিলেটে হামের উপসর্গ নিয়ে প্রাণ ঝরলো ৮ মাসের শিশুর

[ppsp_buttons]
সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত আগস্ট ২২, ২০২৬, ০৪:৫২ অপরাহ্ণ
সিলেটে হামের উপসর্গ নিয়ে প্রাণ ঝরলো ৮ মাসের শিশুর

ফাইল ফটো

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯১ জন। এ নিয়ে চলতি বছরে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪২ জনে।

শনিবার (২২ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪ জন।

নিশ্চিত হাম রোগীদের মধ্যে সিলেটে ৩৩৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে রুবেলায় আক্রান্ত দুজন রোগীও রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ৯১ সন্দেহজনক হাম রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন ৩২৬ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২৩ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন চিকিৎসাধীন।

এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। মৃত শিশুটির বাড়ি সুনামগঞ্জের দিরাই এলাকায়। তার বয়স ৮ মাস। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

জেলাভিত্তিক হিসাবে চলতি বছর এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে সুনামগঞ্জে। সেখানে এ রোগে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেটে ৫১ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ১২ জন মারা গেছেন।

অন্যদিকে, নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪২ জনে।