আজ ,

বন্দরবাজার থেকে রাসেল, কালাম ও আফজলকে ধরল পুলিশ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
বন্দরবাজার থেকে রাসেল, কালাম ও আফজলকে ধরল পুলিশ

সিলেট নগরীর ব্যস্ততম এলাকা বন্দরবাজারে চোরাই ব্যাটারি নিয়ে প্রকাশ্যে ঘুরছিল তারা। শেষ পর্যন্ত পুলিশের অভিযানে ধরা পড়ল তিনজন।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি পুরোনো চোরাই ব্যাটারি। বুধবার বিকেলে করিম উল্লাহ মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতাত করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, শাহপরান (রহ.) থানার জালালনগর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. রাসেল আহমদ ওরফে আবু বক্কর (৩৫), হাতুড়া-পীরেরবাজার এলাকার আনিছ মিয়ার ছেলে আবুল কালাম (২৮) এবং একই এলাকার রাফিজ আলীর ছেলে আফজাল হোসেন (২৩)।

পুলিশ জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে এএসআই (নিরস্ত্র) নুরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেটের সামনে অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে তিনটি পুরোনো চোরাই ব্যাটারি উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা (নম্বর-০৪) দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৯ ও ৪১১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ গ্রেফতার তিনজনকে আদালতে সোপর্দ করেছে।