নরওয়েকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। তবে জয়ের আনন্দের মধ্যেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন কোচ থমাস টুখেল। জুড বেলিংহ্যামের লড়াকু মানসিকতার প্রশংসা করলেও তিনি মনে করেন, শিরোপা জিততে হলে ইংল্যান্ডকে আরও উন্নতি করতে হবে।
নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দুই গোল করে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলেছেন জুড বেলিংহ্যাম। ম্যাচসেরা হওয়ার পর তিনি বলেন, কঠিন ম্যাচে দলের সবাই অসাধারণ পরিশ্রম করেছে এবং সেই প্রচেষ্টার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত।
বেলিংহ্যামের এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন কোচ টমাস টুখেল। তার ভাষায়, ‘কেউই তাদের পরিশ্রম, দলীয় ঐক্য, আত্মবিশ্বাস কিংবা প্রতিকূলতা কাটিয়ে জয়ের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারে না। এ জন্য তারা সর্বোচ্চ প্রশংসা পাওয়ারই যোগ্য।’
তবে এখানেই থেমে থাকেননি জার্মান এই কোচ। তিনি বলেন, ‘আমি একজন ফুটবল কোচও। আমার বিশ্বাস, আমরা আরও ভালো খেলতে পারি এবং খেলতেই হবে। সামগ্রিকভাবে এটি খুব উচ্চমানের ম্যাচ ছিল না।’
বিশ্বকাপে এখন পর্যন্ত ইংল্যান্ডের ১৩ গোলের মধ্যে ১২টিই এসেছে জুড বেলিংহ্যাম ও অধিনায়ক হ্যারি কেইনের কাছ থেকে। টুখেল চান, আক্রমণে অন্য খেলোয়াড়রাও আরও বেশি অবদান রাখুক। যদিও বেলিংহ্যাম ও কেইনের জুটি নিয়ে তার কোনো অভিযোগ নেই।
তিনি বলেন, ‘তারা দায়িত্ব নিতে ভালোবাসে, বড় মুহূর্তে নিজেদের প্রমাণ করে। এমন দুই খেলোয়াড় আমাদের দলে আছে, এটি সৌভাগ্যের বিষয়।’
ম্যাচ শেষে তাকে কিছুটা অসন্তুষ্ট দেখানোর কারণও ব্যাখ্যা করেন টুখেল। তিনি বলেন, ফলাফল বা দলের মানসিকতা নিয়ে তার কোনো হতাশা নেই। বরং খেলোয়াড়দের নিয়ে তিনি গর্বিত। তবে বড় ম্যাচ জিততে হলে দলের সর্বোচ্চ মানের ফুটবল খেলাটা জরুরি বলেই মনে করেন তিনি।
বিশ্বকাপের সেমিফাইনালে আগামী বুধবার রাতে আটলান্টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড।