রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় বহুল আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে পুলিশের আবেদনের শুনানি শেষে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আদেশ দেয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
এর আগে গত ৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপপরিদর্শক (এসআই) আমির হামজা কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। কিন্তু আসামির উপস্থিতিতে শুনানির জন্য সেদিন রোববারের তারিখ নির্ধারণ করেছিলেন আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়―তদন্ত চলাকালীন এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা পলাতক আসামিদের জন্য সন্দেহভাজন হিসেবে আর এস ফাহিম চৌধুরীর সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ মিলেছে। মামলাটি আলোচিত ও স্পর্শকাতর হওয়ার কারণে এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানোর দরকার বলে উল্লেখ করা হয় আবেদনে। পরে শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর জন্য আদেশ দেন আদালত।