আজ ,

সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৩:১৫ অপরাহ্ণ
সুনামগঞ্জে তিন শিশুকে হত্যার পর বাবার বিষপান

সুনামগঞ্জের তাহিরপুরে বিষপানে দুই ছেলে শিশু ও এক মেয়ে শিশুকে হত্যা করেন বাবা। এরপর নিজেও পান করেন বিষ। পরে বিষক্রিয়ায় মুমূর্ষু বাবাকে পাঠানো হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

নিহত তিন শিশু হলেন, মেয়ে মাওয়া (১০) ও দুই ছেলে তামিম (৭) ও শামিম(২)। অভিযোগ উঠেছে, মাদক ও জুয়ায় আসক্ত বাবা শরাফত আলী নিজেই সন্তানদেরকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়ান। তারপর নিজেও বিষপান করেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে প্রতিবেশী ও স্বজনরা তিন শিশু ও বাবাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিনের কাছে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

তাহিরপুর সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফৌজিয়া জানান, ধারণা করা যাচ্ছে ঘটনা রাতে ১টা বা দেড়টার দিকে ঘটেছে। পরে সকাল ৭টা ২০ মিনিটের দিকে তিন সন্তান ও বাবাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায় শিশু তিনজন হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। আর পিতা শরাফতকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিবেশী এক বাসিন্দা জানান, শরাফত মিয়ার স্ত্রী সৌদি আরব প্রবাসী। ঘটনার দিন দিনে তিন শিশু সন্তানকে সঙ্গে নিয়ে স্থানীয় বড়ছড়া বাজারে আসেন শরাফত মিয়া। বাড়ি ফেরার পথে সঙ্গে করে বিরিয়ানি নিয়ে যান। ধারণা করা হচ্ছে বিরিয়ানির সঙ্গে বিষ মিশিয়ে তা সন্তানদের খাইয়ে নিজেও খান। তিনি আরও জানান, শরাফত জুয়ায় ও মাদকে আসক্ত ছিল। স্ত্রী প্রবাস থেকে টাকা পাঠাত আর সেই টাকা শরাফত নানা অপকর্মে তা ব্যয় করতো।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, তিন শিশুর মরদেহ বর্তমানে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।