আজ ,

শাহজালালের মাজারের টাকা গণনা শনিবার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
শাহজালালের মাজারের টাকা গণনা শনিবার

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা চতুর্থ বারের মতো প্রকাশ্যে গণনা করা হবে।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা নির্ধারণে গঠিত ১৩ সদস্যের উচ্চপর্যায়ের কমিটির তত্ত্বাবধানে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

গণনা শেষে দানের টাকাগুলো জেলা প্রশাসনের মাধ্যমে সোনালী ব্যাংকে মাজারের নামে খোলা নির্ধারিত হিসাব নম্বরে জমা রাখা হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা। তিনি জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থ চতুর্থ দফায় প্রকাশ্যে গণনা করা হবে। মাজার প্রাঙ্গণে উচ্চপর্যায়ের কমিটির সদস্যদের উপস্থিতিতে এই গণনার কার্যক্রম চলবে।

প্রসঙ্গত, গত ১২ জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলম হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার পরিদর্শনকালে আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার উদ্যোগের ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় গত ১৮ জুন মাজারে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী তিনটি দানের ডেগ ও একটি দানবাক্স সিলগালা করা হয়।